৪ সেপ্টেম্বর ২০১২ - ০৮:৪৮

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তা ইসরাইল সরকারের জন্য হিতে বিপরীত হবে।

বার্তা সংস্থা আবনা : ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়াস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তা ইসরাইল সরকারের জন্য হিতে বিপরীত হবে।

তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, "আমি মনে করি ইরানের বিরুদ্ধে যদি ইসরাইল সামরিক আগ্রাসন চালায় তাহলে দুর্ভাগ্যক্রমে তা তেল আবিবের জন্যই ব্যুমেরাং হবে।"

ইরানের ওপর হামলার বিষয়ে যখন ইসরাইল হুমকির মাত্রা বাড়িয়ে দিয়েছে তখন ফ্রান্স এ কথা বলল। অনেকে মনে করছেন, সম্ভাব্য ইসরাইলি হামলায় ফ্রান্সের সমর্থন থাকবে না বলে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যে ইঙ্গিত রয়েছে।

এর আগে, গতকাল খবর বের হয়েছে- মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউরোপের দু'টি সরকারের মাধ্যমে ইরানকে একটি গোপন বার্তা দিয়েছেন যে, ইসরাইল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালে তাতে অংশ নেবে না আমেরিকা। এ ছাড়া, তার দু'দিন আগে খবর বের হয়েছে- ইসরাইলের সঙ্গে বার্ষিক সামরিক মহড়ায় অংশ নিতে আমেরিকা অনেকটা অনীহা প্রকাশ করেছে।

এদিকে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হামলার দাঁতভাঙা জবাব দেয়া হবে বলে ইহুদিবাদী ইসরাইলকে তেহরান সতর্ক করে দিয়েছে। ইরানের সিনিয়র কমান্ডাররা বলছেন, যে কোনো সময়ের চেয়ে তাদের যুদ্ধপ্রস্তুতি ভালো।

ইরান আরো বলেছে, সম্ভাব্য এ ধরনের যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা অনেক নতুন এলাকায় ছড়িয়ে পড়বে।

এ ছাড়া, গত কয়েকদিন আগে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, "ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যে সুযোগের অপেক্ষায় রয়েছে ইসরাইলি হামলার মাধ্যমে যে অপেক্ষার অবসান হবে এবং তেহরানের সামনে বিরাট সুযোগ আসবে।"#

(সূত্র : রেডিও তেহরান)